ভারতের তামিলনাডু রাজ্যে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। রাজ্যজুড়ে মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। দুই সপ্তাহের মধ্যেই এসব দোকান বন্ধ করতে হবে বলে জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য পরিচালিত তামিলনাডু স্টেট মার্কেটিং কর্পোরেশন-এর অধীনে থাকা দোকানগুলোর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই থালাপতি বিজয়ের প্রথম বড় প্রশাসনিক নির্দেশনা বলে মনে করা হচ্ছে।
রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়, সাধারণ মানুষের স্বার্থ ও সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে টিএএসএমএসি তামিলনাডুতে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান পরিচালনা করছে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত।
তবে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। কারণ, টিএএসএমএসি থেকে আসা রাজস্বই তামিলনাডু সরকারের আয়ের বড় একটি উৎস। শুধু ২০২৫ সালেই এই খাত থেকে রাজ্যের আয় হয়েছে প্রায় ৪৮ হাজার কোটি রুপির বেশি। তারপরও “আসক্তিমুক্ত তামিলনাডু” গড়ার লক্ষ্য সামনে রেখে এই কঠোর পদক্ষেপ নিয়েছেন বিজয়।
এর আগে রাজ্যের বিধানসভা নির্বাচনকে ঘিরেও টিএএসএমএসি পরিচালিত দোকানগুলো নিয়ে অর্থ পাচার ও অনিয়মের অভিযোগ উঠেছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতায় এসেই জনমুখী বার্তা দিতে চাইছেন থালাপতি বিজয়।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম নির্দেশনায় তিনি ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নারীদের নিরাপত্তা জোরদারের কথাও বলেছিলেন।
